মানুষের স্বভাবই হচ্ছে নিজের সীমানা চেনা। প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ যখন মানুষ ঠিকঠাক লিখতে বা পড়তে শেখেনি, তখন থেকেই নিজের এলাকা বা জমির একটা নকশা তৈরি করার চল ছিল। আর সেই আদিম তাগিদ থেকেই জন্ম নিয়েছে আজকের আধুনিক ‘সার্ভেয়িং’ বা জরিপবিদ্যা।

Table of Contents
সরজমিনের কাজ | জরিপের ধারণা | সার্ভেয়িং ১
যেকোনো দেশের সরকারি পর্যায়ে ‘জরিপ বিভাগ’ নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যালয় থাকে। এদের কাজ কিন্তু চাট্টিখানি কথা নয়। দেশের চূড়ান্ত সীমারেখা নির্ধারন করা, প্রতিবেশী দেশের সাথে সীমানা নিয়ে কোনো আইনি বা ভৌগোলিক জটিলতা তৈরি হলে তা দক্ষতার সাথে নিরসন করা, কিংবা সময়ে সময়ে দেশের ভেতর ভ‚মি জরিপের মাধ্যমে নতুন মৌজা ম্যাপ ও ভ‚-সংস্থানিক মানচিত্র (Topographic Map) তৈরী করা—সবই তাদের হাত ধরে হয়। এমনকি সময়ের সাথে সাথে দেশের কোথাও নদী ভাঙলে বা নতুন চর জাগলে, সেই নতুন তথ্যগুলো পুরাতন মানচিত্রে সংযোজন করার গুরুদায়িত্বও এই বিভাগের। সহজ কথায়, জরিপ কাজের মূল উদ্দেশ্যই হলো—সঠিক পরিমাপের মাধ্যমে একটা নিখুঁত মানচিত্র বা নকশা (Map or Plan) প্রস্তুত করা।

একজন সার্ভেয়ারের কাজের তিন ভুবন
একজন জরিপকার বা সার্ভেয়ারের (Surveyor) পুরো কাজটিকে প্রধানত তিনটি আলাদা ভুবনে ভাগ করা যায়:
১. সরজমিনের কাজ (Field work): মাঠপর্যায়ে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সরাসরি উপাত্ত সংগ্রহ করা। ২. দাপ্তরিক কাজ (Office work): মাঠ থেকে আনা তথ্যগুলো ডেস্কে বসে হিসাব-নিকাশ ও নকশায় রূপ দেওয়া। ৩. যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয় (Care and adjustment of instruments): থিওডোলাইট বা টোটাল স্টেশনের মতো সূক্ষ্ম ও দামি যন্ত্রপাতিগুলোর নিয়মিত যত্ন নেওয়া ও ক্যালিব্রেশন করা।
আজকে আমরা মূলত কথা বলব এর প্রথম এবং সবচেয়ে রোমাঞ্চকর অংশ—‘সরজমিনের কাজ’ বা ফিল্ড ওয়ার্ক নিয়ে। জরিপের নিখুঁত মানচিত্র তৈরির জন্য নিয়মতান্ত্রিক উপায়ে মাঠে নেমে সরাসরি যে কাজগুলো করতে হয়, সেগুলোই হলো সরজমিনের কাজ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই কাজের ভেতরে আসলে কী কী ধাপ থাকে:
সরজমিনের কাজের মূল ধাপসমূহ
১. তদন্ত জরিপ বা রেকনিসেন্স (Reconnaissance)
মাঠে গিয়েই হুট করে ফিতা বা চেইন টেনে মাপামাপি শুরু করা যায় না। কাজটা সহজ ও সুশৃঙ্খলভাবে করার জন্য প্রথমেই পুরো এলাকাটা খালি চোখে ঘুরে একটা প্রাথমিক তদন্ত বা পর্যবেক্ষণ করতে হয়। একেই বলে রেকনিসেন্স। কোথায় নদী, কোথায় বড় গাছ, বা কোথায় প্রতিবন্ধকতা আছে—তা আগেভাগে দেখে একটা খসড়া নকশা করে নেওয়া হয়।
২. কন্ট্রোল স্টেশন ও বেঞ্চমার্ক স্থাপন
পুরো জরিপ এলাকাকে একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার জন্য কিছু স্থায়ী বা অস্থায়ী ‘কন্ট্রোল স্টেশন’ এবং ‘বেঞ্চমার্ক’ (নির্দিষ্ট উচ্চতাসম্পন্ন বিন্দু) স্থাপন করা হয়। এগুলো মূলত অনুভূমিক ও উল্লম্ব কন্ট্রোল নেটওয়ার্কের খুঁটি হিসেবে কাজ করে, যার ওপর ভিত্তি করে বাকি সব পরিমাপ নেওয়া হবে।
৩. প্রধান কন্ট্রোল নেটওয়ার্ক তৈরি ও পরিমাপ গ্রহণ
জরিপের মূল উদ্দেশ্য মাথায় রেখে প্রধান কন্ট্রোল নেটওয়ার্কটি ভূমিতে নিখুঁতভাবে স্থাপন করা হয়। এই ধাপে চেইন, টেপ বা আধুনিক ইলেকট্রনিক যন্ত্র দিয়ে দূরত্ব মাপা হয়, কম্পাস বা থিওডোলাইট দিয়ে কৌণিক পরিমাপ নেওয়া হয় এবং জমির উঁচু-নিচু বা সমোন্নতি (Contour) বোঝার জন্য অনুভূমিক ও উল্লম্ব দূরত্ব রেকর্ড করা হয়।
৪. বিস্তারিত নকশা ও এলিভেশন নির্ণয়
মূল ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে যাওয়ার পর শুরু হয় ডিটেইলিংয়ের কাজ। স্টেশন নির্ধারণ, জমির আসল সীমানা চিহ্নিতকরণ এবং মাঠের ভেতরে থাকা বিভিন্ন অবকাঠামো (যেমন: ঘরবাড়ি, রাস্তাঘাট, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি) নিখুঁতভাবে মেপে মূল নকশায় যুক্ত করা হয়। প্রয়োজনে নির্দিষ্ট বিন্দুর এলিভেশন বা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা নির্ণয় করা হয়।
৫. ডাটা রেকর্ডিং বা ফিল্ড বুক লিখন
মাঠে দাঁড়িয়ে আপনি যতই নিখুঁত মাপ নেন না কেন, তা যদি সঠিকভাবে খাতায় বা ফিল্ড বুকে লিপিবদ্ধ (Recording) না করেন, তবে পুরো খাটুনিই বৃথা। তাই প্রতিটি পরিমাপ অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এবং পরিষ্কার অক্ষরে ফিল্ড বুকে নোট করতে হয়, যেন অফিসে বসে ড্রাফটসম্যান বা ডিজাইনার সেটা সহজেই বুঝতে পারেন।
৬. জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণ (Astronomical Observation)
অনেক বড় বা গুরুত্বপূর্ণ জরিপের ক্ষেত্রে, মাঠের সঠিক দিক বা অবস্থান জানার জন্য সূর্য কিংবা ধ্রুবতারা (Pole Star) পর্যবেক্ষণ করা হয়। আকাশের এই জ্যোতিষ্কগুলোর অবস্থান হিসাব করে ওই নির্দিষ্ট এলাকার সঠিক মধ্যরেখা (Meridian), অক্ষাংশ (Latitude), দ্রাঘিমাংশ (Longitude) এবং স্থানীয় সময় নিখুঁতভাবে নির্ণয় করা হয়।
৭. লোকেশন জরিপ বা ভূমিতে নকশা রূপান্তর
ইঞ্জিনিয়ারিং প্রকল্পের ক্ষেত্রে (যেমন: নতুন রাস্তা, রেললাইন বা সেতু তৈরির সময়) কাজটা উল্টো হয়। ড্রয়িং শিটের নকশা দেখে দেখে ভূমিতে বা মাটিতে বিভিন্ন অবকাঠামোর আসল স্থান, রেখা কিংবা বিন্দুগুলো খুঁটি গেড়ে চিহ্নিত করতে হয়। একে বলা হয় ‘সেটিং আউট’ বা লোকেশন জরিপ।
৮. জ্যামিতিক রেখা স্থাপন
মাঠের সব জায়গা সমতল বা সোজা হয় না। বিভিন্ন জটিল ক্ষেত্রে পরিমাপের সুবিধার্থে এবং নিখুঁত জ্যামিতিক কাঠামো বজায় রাখার জন্য ভূমিতে সমান্তরাল রেখা টানা বা কোনো নির্দিষ্ট বিন্দুর ওপর লম্ব (Offset) স্থাপন করার কাজগুলোও সার্ভেয়ারকে মাঠেই করতে হয়।

সরজমিনের কাজ হলো মাঠের রূঢ় বাস্তবতাকে কাগজের পাতায় বা কম্পিউটারের স্ক্রিনে বন্দি করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু। এখানে একটি ছোট্ট ভুল বা সামান্য অসাবধানতা দিনশেষে পুরো মানচিত্র বা কোটি টাকার ইঞ্জিনিয়ারিং প্রজেক্টকে ভুল পথে পরিচালিত করতে পারে।
